নিউজ ডেস্ক : সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে খালি থালা-বাসন হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীরা
রোববার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীসহ কয়েকশ নারী কর্মী অংশ নেন।
মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা দ্রব্যমূল্য কমানো এবং সিলিন্ডার গ্যাসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তিনি দাবি করেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাঁর অভিযোগ, বিএনপি জনগণের সঙ্গে কারসাজি করে ক্ষমতায় এসেছে। আগের নির্বাচনের সঙ্গে বর্তমান নির্বাচনের কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সময়কে বর্তমান সরকারের সময়ের তুলনায় ভালো বলে অভিহিত করেন।
সমাবেশে জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন, বর্তমানে তিন হাজার টাকা দিয়েও এলপি গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে। তাঁর অভিযোগ, সরকার বারবার বিভিন্ন পণ্যের দাম বাড়াচ্ছে। পাশাপাশি শক্তিশালী সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মিছিলে অংশ নেওয়া নারী নেত্রীরা বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসের বাড়তি দামে সবচেয়ে বেশি চাপে পড়েছেন সাধারণ পরিবারের সদস্যরা। অনেক পরিবারকে দৈনন্দিন খাবারের ব্যয় মেটাতেও হিমশিম খেতে হচ্ছে।
তাঁরা দ্রুত বাজার নিয়ন্ত্রণ এবং জ্বালানি পণ্যের দাম কমানোর দাবি জানান। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।
সমাবেশ থেকে জামায়াতের নেতারা বলেন, দ্রুত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা এবং সিলিন্ডার গ্যাসের মূল্য পুনর্বিবেচনা করা না হলে দেশজুড়ে নারী কর্মীদের অংশগ্রহণে আন্দোলন আরও জোরদার করা হবে।

