রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সহকারী আটক

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে বাসের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তি হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।

নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বসুনিয়াপাড়া এলাকার ছয়জন যাত্রী কুমিল্লার ময়নামতি থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। তাঁদের মধ্যে আতিক নামের এক যাত্রীর কাছে তিন লাখ টাকা ছিল বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, বাসটি তারাগঞ্জ এলাকা অতিক্রম করার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে মুকুল ও শাকিবকে লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে স্বজনদের দাবি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় আহত একজনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় বাসের চালক আজিজ হোসেন ও সহকারী শফিককে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।

Share This Article
Leave a Comment