যুক্তরাষ্ট্রে ফসল কাটার মৌসুমে ডিজেলের বাড়তি খরচ সামাল দিতে কৃষকদের ৮ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির কৃষি বিভাগের নতুন কর্মসূচির আওতায় কৃষকদের এককালীন এই সহায়তা দেওয়া হবে।
সোমবার (১৯ অক্টোবর) কানসাস অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি জানান, কৃষকদের উৎপাদন ব্যয়ের চাপ কমাতে ‘হারভেস্ট ফুয়েল রিলিফ প্রোগ্রাম’ নামে নতুন একটি কর্মসূচি চালু করবে কৃষি বিভাগ।
ট্রাম্প বলেন, ফসল কাটার মৌসুমে ডিজেলের বাড়তি খরচ সামাল দিতে কৃষকদের জন্য ৮ বিলিয়ন ডলার সহায়তা বরাদ্দ দেওয়া হবে।
পরে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানায়, সাময়িক বাজার-বিঘ্ন এবং উৎপাদন উপকরণের বাড়তি ব্যয়ের চাপ কমাতে এ অর্থ দেওয়া হবে। ২০২৬ সালের ফসল উৎপাদন বছরে সম্ভাব্য ক্ষতির একটি অংশ পুষিয়ে দিতে অভিন্ন সূত্রের ভিত্তিতে কৃষকদের আনুপাতিক হারে সহায়তা দেওয়া হবে। কৃষি বিভাগের ফার্ম সার্ভিস এজেন্সির মাধ্যমে অর্থ বিতরণ করা হবে।
নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের এ ঘোষণা রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবারের নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটে—সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার লড়াইয়ে রয়েছে দলটি।
জ্বালানির দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে কৃষি ও গ্রামীণ অর্থনীতিনির্ভর অঙ্গরাজ্যগুলোতে উৎপাদন ব্যয় বৃদ্ধি কৃষকদের ওপর চাপ সৃষ্টি করেছে। এসব এলাকায় সমর্থন ধরে রাখতে কৃষকদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।
চলতি মাসের শুরুতে ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তাঁর দাবি, এর ফলে করমুক্ত ডিজেলের প্রাপ্যতা বাড়বে।
কৃষকদের সহায়তার পাশাপাশি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের চেক দেওয়ার প্রস্তাবও দিয়েছেন ট্রাম্প। তবে এ পরিকল্পনা নিয়ে বিশ্লেষক, অর্থনীতিবিদ এবং কংগ্রেসের কয়েকজন রিপাবলিকান সদস্য সংশয় প্রকাশ করেছেন।
এ ছাড়া চলতি মাসের শুরুতে ট্রাম্প ঘোষণা দেন, বয়স্কদের স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারের আওতাভুক্ত দুই কোটির বেশি মার্কিন নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেবে সরকার।
দৈনিক উত্তর দিগন্ত

