নিজস্ব প্রতিবেদক :২০৩০ সালের মধ্যে দেশের সব মানুষের জন্য সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো, চিকিৎসার মান উন্নয়ন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে কাজ করছে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ভৌগোলিক অবস্থান কিংবা সামাজিক মর্যাদা—কোনো বিষয়ই যেন মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বাধা না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিমসটেকভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রী, নীতিনির্ধারক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমানো, পোলিওমুক্ত অবস্থান ধরে রাখা এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন স্বাস্থ্য সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকার আওতা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশের বেশি করা হয়েছে। চলতি নভেম্বরের মধ্যে শতভাগ কভারেজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দ দ্বিগুণ করে জিডিপির ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করেছে। পর্যায়ক্রমে এ বরাদ্দ জিডিপির ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, প্রাথমিক চিকিৎসার সুযোগ সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দেশের ৪ হাজার ৬০০টির বেশি ইউনিয়নে বহুমুখী স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া বড় সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, ১৫টি বড় হাসপাতালে উন্নত চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং ওয়ান হেলথ পদ্ধতি বাস্তবায়নে কাজ চলছে।
স্বাস্থ্যসেবার ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে সমন্বিত ইলেকট্রনিক হেলথ রেকর্ড ব্যবস্থা এবং ইউনিক ই-হেলথ আইডি চালুর উদ্যোগের কথাও সম্মেলনে তুলে ধরেন মন্ত্রী।
আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারে বিমসটেকের আওতায় আঞ্চলিক জেনেটিক রোগ পর্যবেক্ষণ ও আগাম সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।
বক্তব্যে অসংক্রামক রোগ, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং মহামারি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ে বাংলাদেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত।

