বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব হলেন ঠাকুরগাঁওয়ের রেজাউল করিম লিটন

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক: বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) কেন্দ্রীয় মহাসচিব নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের শিক্ষকনেতা মো. রেজাউল করিম লিটন। তাঁর এই দায়িত্ব পাওয়ার খবরে জেলার শিক্ষকসমাজে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর লক্ষ্মীবাজারে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে সংগঠনটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শিক্ষকসমাজের বিভিন্ন সমস্যা, পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণসহ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পরে নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করা হয়।

সম্মেলনে মো. রেজাউল করিম লিটনকে মহাসচিব এবং মো. সাইদুর রহমান সরকারকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের নামও ঘোষণা করা হয়। তাঁদের মধ্যে এ এইচ এম ইসরাইল আহমেদ, শরিফুল আলম, মো. আবদুল কুদ্দুস ও আ. আউয়াল মোল্লাসহ আরও অনেকে রয়েছেন।

মো. রেজাউল করিম লিটন দীর্ঘদিন ধরে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। শিক্ষকসমাজের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণের বিভিন্ন বিষয় নিয়ে তিনি সংগঠনের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

ঠাকুরগাঁওয়ের এই শিক্ষকনেতা কেন্দ্রীয় মহাসচিব নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর জেলার শিক্ষকসমাজের বিভিন্ন পর্যায়ে আনন্দের সৃষ্টি হয়। শিক্ষক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় শিক্ষক নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে রেজাউল করিম লিটন শিক্ষকসমাজের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ভূমিকা রাখবেন। একই সঙ্গে বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি কার্যকর উদ্যোগ নেবেন বলেও প্রত্যাশা তাঁদের।

স্থানীয় শিক্ষক নেতাদের মতে, রেজাউল করিম লিটনের এই অর্জন তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের শিক্ষকসমাজের জন্যও গর্বের বিষয়।

Share This Article
Leave a Comment