নিজস্ব প্রতিবেদক :ডাকসুর ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান জামায়াত আমির।
পোস্টে শফিকুর রহমান অভিযোগ করেন, রোববার রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা আবু সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি হামলাটিকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেন।
তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
জামায়াত আমির আরও অভিযোগ করেন, একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে এসব ঘটনার জন্য দায়ী করেন তিনি।
শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য বড় ধরনের মূল্য দিতে হতে পারে। এ পরিস্থিতিতে আর নীরব থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

