সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনব্যবস্থা তুলে দিয়ে রাজনৈতিক দলগুলোকে সরাসরি এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

স্পিকার বলেন, দেশের নারীরা এখন আর কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে তাঁরা এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।

অনুষ্ঠানে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বর্তমান পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের ভূমিকার সমালোচনা করে স্পিকার বলেন, রাজনীতিবিদরা নিজেদের সংশোধন করতে পারলে দেশের সামগ্রিক অবস্থারও পরিবর্তন সম্ভব।

তিনি আরও বলেন, রাজনীতিবিদরা অনেক সময় দলীয় রাজনীতির মাধ্যমে নিজেদের স্বার্থ ও সুযোগ-সুবিধা নিয়েই ব্যস্ত থাকেন। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা ও অধিকার যথাযথ গুরুত্ব পায় না।

বিগত তিনটি জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, আগের নির্বাচনী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এবারের জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে।

উল্লেখ্য, কমিটি গঠনের পর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সর্বদলীয় সংসদীয় ককাসের এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

Share This Article
Leave a Comment