জেলা প্রতিনিধি,নীলফামারীঃ নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে ২৫ হাজার ৪০০ সিএফটি পাথর, পাঁচটি পাথর ভাঙা মেশিন এবং পাথর পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করা হয়।
এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। বিজিবি ও পুলিশের সদস্যরা সহায়তা করেন।
জানা যায়, টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর সাতটি স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। পাথর উত্তোলন বন্ধ করে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে আনুমানিক ২৫ হাজার ৪০০ সিএফটি পাথর জব্দ করা হয়। এসময়ে আরও পাঁচটি পাথর ভাঙার মেশিন এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে।
এবিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজকে টেপাখড়িবাড়ি ইউনিয়নের সাতটি পয়েন্টে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়৷
সেখানে অভিযান চালিয়ে পাথর ভাঙার ৫ টি মেশিন ও একটি ট্রাক আটক করা হয়েছে। এতে বিভিন্ন জায়গা থাকে ২৫ হাজার সিএফটি পাথর ও একটি ট্রাক থেকে ৪০০ সিএফটিসহ মোট ২৫ হাজার ৪০০ সিএফটি পাথর জব্দ করা হয়েছে।

