নিজস্ব প্রতিবেদক :খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দলটির পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাপমারা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়া কয়েকটি বাড়িঘর ভাঙচুরের খবরও পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি উপলক্ষে সন্ধ্যায় সাপমারা এলাকায় বিএনপির কার্যালয়ে একটি সভা চলছিল। এ সময় কার্যালয়ের পাশের একটি দোকানে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের ছোট ভাই মো. আমির হোসেনকে (৪০) দেখতে পান বিএনপির কয়েকজন নেতাকর্মী। পরে তাঁকে আটক করে দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাঁদের স্বজনেরা সংঘবদ্ধ হয়ে বিএনপির কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ করেন বিএনপির নেতারা। একপর্যায়ে তাঁরা আমির হোসেনকে ছাড়িয়ে নিয়ে যান। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন বিএনপির কর্মী মো. শাহাদাত হোসেন (২০), মো. সাদ্দাম হোসেন (২৮), মো. ফারুক হোসেন (৩০) এবং স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম সুজন (৩০)। আহত আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগের উপজেলা সভাপতির ভাইকে দলীয় কার্যালয়ে নিয়ে আসার পর আওয়ামী লীগ নেতাকর্মী ও তাঁদের স্বজনেরা অস্ত্রশস্ত্র নিয়ে কার্যালয়ে হামলা চালান। এ সময় আমির হোসেনকে ছাড়িয়ে নেওয়ার পাশাপাশি পাঁচজন নেতাকর্মীকে আহত করা হয়। তাঁদের মধ্যে তিনজন বর্তমানে চট্টগ্রামে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ চৌধুরী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার পর রাতে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া গেছে। তবে এসব ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে সাপমারা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

