নিউজ ডেস্ক: চাকরি পাওয়ার পর ভেরিফিকেশনে বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকায় নিয়োগ নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার এক মুসলিম তরুণ। পরিবারটির দীর্ঘদিনের ঠিকানা ছিল ভাড়া বাসা।
এমন পরিস্থিতির কথা জানতে পেরে ওই তরুণের এক হিন্দু প্রতিবেশী মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন। কোনো ধরনের বিনিময় ছাড়াই তিনি তরুণকে এক শতক জমি দান করেছেন।
রোববার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন। তবে সরকারি বিধিমালা সম্পর্কে বিস্তারিত জানার আগে দাতা ও গ্রহীতার পরিচয় প্রকাশ করতে চাননি তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভেরিফিকেশনের সময় ওই তরুণের সম্পত্তি নিয়ে জটিলতা দেখা দেয়। তার বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকায় চাকরিতে নিয়োগ নিয়ে শঙ্কা তৈরি হয়।
সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন বলেন, চাকরি পাওয়া ওই তরুণের পরিবারের নিজস্ব কোনো স্থাবর সম্পত্তি নেই।
তারা দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছেন। বিষয়টি জানতে পেরে তাঁদের প্রতিবেশী এক হিন্দু ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে কোনো বিনিময় ছাড়াই এক শতক জমি দান করেছেন। এমনকি জমি রেজিস্ট্রেশনের খরচও তিনি নিজেই বহন করেছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা দিয়েছে। তাঁদের ভাষ্য, একজন তরুণের চাকরির পথে তৈরি হওয়া বাধা দূর করতে ধর্মীয় পরিচয়ের ভেদাভেদ ভুলে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর এ ঘটনা সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

