বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তাঁর অভিযোগ, নির্বাচনে বিএনপির একটি অংশ তাঁর পক্ষে আন্তরিকভাবে কাজ করেনি। এমনকি তিনি বলেছেন, ‘বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে।’

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে জুনায়েদ আল হাবিব বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। একই সঙ্গে এ এলাকায় ইসলামপন্থী দলগুলোরও উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তাঁর দাবি, নির্বাচনের সময় বিএনপির একটি অংশ প্রকাশ্যে ও গোপনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কাজ করেছে। অন্য একটি অংশও দায়িত্ব পালনে আন্তরিক ছিল না।

জুনায়েদ আল হাবিবের অভিযোগ, আওয়ামী লীগ ঘরানার প্রায় ৩০ শতাংশ নেতাকর্মীকে ঢাকায় নিয়ে গিয়ে বিভিন্ন আশ্বাসের মাধ্যমে নিজের পক্ষে নেওয়া হয়েছিল। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রঙিন বিলবোর্ড স্থাপন, জীবন্ত হাঁস নিয়ে মিছিল এবং প্রশাসনের সহায়তায় প্রভাব বিস্তারের অভিযোগও করেন তিনি।

তিনি আরও দাবি করেন, ভোটের দিন তাঁর নিশ্চিত বিজয়ের কয়েকটি কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাঁর সাক্ষাৎকারে পাওয়া যায়নি।
জুনায়েদ আল হাবিব বলেন, ইসলাম ও দেশের স্বার্থে আলেম সমাজ বিএনপির নেতৃত্বাধীন জোটে থেকে কাজ করেছে। দেশের বিভিন্ন আসনে আলেম-ওলামাদের সমর্থনে বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তাঁর মতে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি আন্তরিকভাবে সহযোগিতা করলে জমিয়তের প্রার্থীও বিজয়ী হতে পারতেন।
ইসলামি দলগুলোর ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, হেফাজতে ইসলাম ও বিভিন্ন ইসলামি দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে একটি লিয়াজোঁ কমিটি কাজ করছে। বৃহত্তর ইসলামি প্ল্যাটফর্মের পক্ষ থেকে যদি কোনো একক রাজনৈতিক দলের জোটে না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে জমিয়ত সেই সিদ্ধান্ত মেনে বিএনপির জোট থেকেও বেরিয়ে আসতে প্রস্তুত রয়েছে।

Share This Article
Leave a Comment