আন্তর্জাতিক ডেস্ক:সৌদি আরবে মদিনা থেকে জেদ্দাগামী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত ব্যক্তিরা একটি যানবাহনে করে মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে যানবাহনটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর নিহতদের পরিচয় শনাক্ত ও বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন কনস্যুলেটের কর্মকর্তারা।
কনস্যুলেট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে স্বজনদের পাশে থাকবে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট।
এ মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনেরাও গভীর শোকের মধ্যে রয়েছেন।

