নিজস্ব প্রতিবেদক :রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলটি মিরপুর বেড়িবাঁধ এলাকায় শাহ আলী থানা এলাকার অন্তর্ভুক্ত। দুর্ঘটনায় জড়িত বাসটি এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব পরিবহন বাস।
নিহতদের মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

