গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি, নতুন দায়িত্বে জি এম সরফরাজ ও প্রত্যুষ কুমার

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা  গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ।

অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রশাসনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক করা হয়েছে।

এদিকে, রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল ও মহড়ার খবর পাওয়া যায়। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে লাঠিসোঁটা, লগি-বইঠা ও বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শহরের এমন পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ দুই পদে পরিবর্তনের ঘোষণা এলো।

তবে এই রদবদলের সঙ্গে গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতির সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

Share This Article
Leave a Comment