নিজস্ব প্রতিবেদক :হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসার বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে ঘটনাস্থলে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পায়নি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচারে (লাইভ) এসে এ অভিযোগ করেন মাহদি হাসান।
লাইভে তাঁকে ‘আগুন, আগুন’ বলে চিৎকার করতে শোনা যায়। এ সময় তিনি বাসায় আগুন লাগার কথা জানিয়ে পরিস্থিতি তুলে ধরেন। মাহদির দাবি, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁর বাসা লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাসার বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়।
পরবর্তী সময়ে ফেসবুক লাইভে বাসার বিদ্যুতের মিটারের ক্ষতিগ্রস্ত অংশও দেখান তিনি। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
তবে এ ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।
ওসি আরও জানান, মাহদি হাসানের চাচা পুলিশকে জানিয়েছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে মিটারে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় মাহদি হাসানের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
পুলিশ জানিয়েছে, অভিযোগ ও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

