রিয়াদে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। নিহতের পরিবারের স্থায়ী আবাসন ও সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি পরিবারটিকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ধর্মমন্ত্রী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। এ ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি নিহত হন ৪৫ বছর বয়সী নাসরুল্লাহ বদরপুরি। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা ছিলেন এবং ওই ওমরাহ কাফেলার দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হামলায় কাফেলার আরও কয়েকজন সদস্য আহত হন।

আহত যাত্রীদের সহযোগিতা ও দেশে ফেরানোর উদ্যোগ

হামলার খবর পাওয়ার পরপরই আক্রান্ত ওমরাহ কাফেলার সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন ধর্মমন্ত্রী। সৌদি আরবে কর্মরত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আহত ব্যক্তিদের উদ্ধার ও চিকিৎসার বিষয়ে উদ্যোগ নেন তিনি। সে সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও যাত্রীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখেন মন্ত্রী।

হামলায় যাত্রীদের লাগেজ হারিয়ে যাওয়ায় তাঁদের আপ্যায়ন ও নতুন পোশাকের ব্যবস্থা করা হয় তাঁর ব্যক্তিগত উদ্যোগে। পাশাপাশি দেশে ফেরার টিকিট নিশ্চিত করা এবং নিরাপদ প্রত্যাবাসনে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রাখা হয়।

নিহতের পরিবারের জন্য সহায়তার আশ্বাস

নিহত নাসরুল্লাহ বদরপুরির পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর পক্ষ থেকে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল নাঙ্গলকোটের বদরপুরে তাঁর বাড়িতে যায়। এ সময় পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

প্রতিনিধিদলটি নিহতের মরদেহ দাফন, পরিবারের স্থায়ী আবাসন এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয়। পরিবারের সঙ্গে ফোনালাপেও ধর্মমন্ত্রী নাসরুল্লাহর মরদেহ জান্নাতুল বাকিতে দাফন অথবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া পরিবারটিকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন তিনি।

দেশে ফিরেছেন ৩৩ ওমরাহযাত্রী

হামলার শিকার ৪৫ সদস্যের ওমরাহ কাফেলার ৩৩ জন সদস্য গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। ধর্মমন্ত্রীর নির্দেশনায় বিমানবন্দরে তাঁদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।

দেশে ফেরা যাত্রীরা জানান, সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর ধর্মমন্ত্রী সার্বক্ষণিক তাঁদের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করেছেন। দেশে ফেরার পর নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্যও যানবাহনের ব্যবস্থা করা হয়।

এ সহযোগিতার জন্য দেশে ফেরা যাত্রীরা প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share This Article
Leave a Comment